প্রযুক্তির ছোয়ায় গড়ে উঠবে স্মার্ট ভবিষ্যৎ।

বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। মানুষের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, কৃষি, ব্যবসা বাণিজ্য, পরিবহন, শিল্প কারখানা, ব্যাংকিং বিনোদনসহ বিভিন্ন ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি মানুষের জীবনকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে। এই প্রযুক্তির অগ্রযাত্রা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং এর ছোয়ায় গড়ে উঠবে একটি স্মার্ট, আধুনিক, নিরাপদ ও উন্নত ভবিষ্যৎ পৃথিবী। স্মার্ট ভবিষ্যতের অন্যতম প্রধান ভিত্তি হবে কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষের মতো চিন্তা, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষম বিভিন্ন প্রযুক্তি ভবিষ্যতে শিক্ষা, চিকিৎসা, গবেষণা, ব্যবসা ও প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানুষের সময়সাপেক্ষ কাজগুলো দ্রুত সম্পন্ন করতে কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়তা করবে। তবে এসব প্রযুক্তিকে মানুষের বিকল্প হিসেবে নয় বরং মানুষের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির সহায়ক হিসেবে ব্যবহার করা প্রয়োজন। ভবিষ্যতে স্মার্ট শহর হবে প্রযুক্তিনির্ভর। শহরের যানবাহন, ট্রাফিক সিগন্যাল, বিদ্যুৎ সরবরাহ, পানি ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হতে পারে। শিক্ষাক্ষেত্রেও প্রযুক্তি বড় পরিবর্তন আনবে। শিক্ষার্থীরা ঘরে বসেই বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষাসামগ্রী ব্যবহার করতে পারবে। আনলাইন ক্লাস, ডিজিটাল লাইব্রেরি, ভার্চুয়াল ল্যাব ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা শিক্ষার সুযোগকে আরও বিস্তৃত করবে। চিকিৎসাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আধুনিক রোগ নির্ণয় যন্ত্র, রোবটিক সার্জারি, টেলিমেডিসিন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে রোগ শনাক্তকরণ চিকিৎসাকে আরও দ্রুত ও নির্ভুল করতে পারে।

কৃষিক্ষেত্রেও প্রযুক্তির বিপ্লব ঘটবে। কৃষকরা ড্রোন, সেন্সর, আবহাওয়ার তথ্য, স্মার্ট সেচব্যবস্থা ও আধুনিক কৃষিযন্ত্র ব্যবহার করে  কম খরচে বেশি উৎপাদন করতে পারবেন। শিল্প ও কর্মক্ষেত্রে রোবট প্রযুক্তির ব্যবহার আরও বৃদ্ধি পাবে। ঝুকিপূর্ণ, ভারী, একঘেয়ে কাজ রোবটের মাধ্যমে সম্পন্ন করা সম্ভব হবে। স্মার্ট ভবিষ্যৎ গড়তে নবায়ণযোগ্য জ্বালানিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সৌরশক্তি, বায়ুশক্তি ও অন্যান্য পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়লে জীবাশ্ম জ্বালানির  ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে। বাংলাদেশের জন্যও স্মার্ট ভবিষ্যৎ  গড়ার জন্য বড় সুযোগ রয়েছে। তরুণ জনগোষ্ঠীকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন করা, কৃষি ও শিল্পে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে দেশ আরও দ্রুত এগিয়ে যেতে পারে। প্রযুক্তির ছোয়ায় ভবিষ্যৎ পৃথিবী হবে আরও স্মার্ট ও সম্ভাবনাময়। শুধু উন্নয়ত প্রযুক্তি থাকলেই স্মার্ট ভবিষ্যৎ তৈরি হবে না প্রযুক্তিকে সঠিক, নিরাপদ, নৈতিক ও মানব কল্যাণমূলকভাবে ব্যবহার করতে হবে। 

কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার

বর্তমান বিশ্বে প্রযুক্তির দ্রুত অগ্রগতির অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষের মতো চিন্তা করা, তথ্য বিশ্লেষণ করা, সমস্যা সমাধান করা, ভাষা বোঝা এবং বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার সক্ষমতার কারণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একসময় কৃত্রিম বুদ্ধিমত্তা মূলত গবেষণার ও বিশেষায়িত প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে এটি মানুষের দৈনন্দিন জীবন, শিক্ষা, চিকিৎসা, কৃষি, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ পরিবহনসহ প্রায় সব ক্ষেত্রেই বিস্তৃত হচ্ছে। শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে। শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ জটিল বিষয় বোঝা, অনুশীলন করা এবং লেখালেখিতে সহায়তা নেওয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বিভিন্ন ব্যবস্থা ব্যবহার করছে। চিকিৎসাক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার উল্লেখযোগ্য। রোগ নির্ণয়ে চিকিৎসকদের সহায়তা, মেডিকেল রিপোর্ট বিশ্লেষণ, রোগীর তথ্য পর্যবেক্ষণ এবং নতুন ওষুধ গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিল্পকারখানায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার উৎপাদন ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে। ব্যবসা বাণিজ্যেও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত ছড়িয়ে পড়েছে। কৃষিক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের মাধ্যমে জমির অবস্থা পর্যবেক্ষণ, ফসলের রোগ শনাক্তকরণ, আবহাওয়ার তথ্য বিশ্লেষণ এবং সেচ ও সার ব্যবস্থাপনায় সহায়তা পাওয়া যায়। যোগাযোগ ও বিনোদনের ক্ষেত্রেও এর বিস্তার স্পষ্ট। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারের সাথে এর কিছু চ্যালেঞ্জও রয়েছে অতিরিক্ত নির্ভরতা মানুষের চিন্তাশক্তি ও সৃজনশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অবশেষে বলা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার আধুনিক সভ্যতার জন্য একটি বড় পরিবর্তনের সূচনা করেছে।

স্মার্ট শহরের উন্নয়ন 

বর্তমান বিশ্বে দ্রুত নগরায়ন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে শহরগুলোকে আরও আধুনিক, নিরাপদ, পরিবেশবান্ধব ও নাগরিকবান্ধব করার প্রয়োজনীয়তা বাড়ছে। এই প্রয়োজন পূরণে স্মার্ট শহর ধারণা গুরুত্বপূর্ণ হয়েছে। স্মার্ট শহর হলো এমন একটি আধুনিক নগর ব্যবস্থা যেখানে তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট, সেন্সর, স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং আধুনিক অবকাঠামো ব্যবহার করে নাগরিকদের জীবনযাত্রা সহজ ও উন্নত করা হয়। স্মার্ট শহরের উন্নয়নের অন্যতম প্রধান দিক হলো উন্নত যোগাযোগ ও যানবাহন ব্যবস্থা। আধুনিত ট্রাফিক ব্যবস্থাপনা, স্মার্ট সিগন্যাল, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং ডিজিটাল ট্রাফিক মনিটরিংয়ের মাধ্যমে যানজট কমানো সম্ভব। কোথায় যানজট বেশি, কোন পথে দ্রুত যাওয়া যাবে এবং গণপরিবহনের অবস্থান কোথায় এসব তথ্য প্রযুক্তির মাধ্যমে নাগরিকদের জানানো যেতে পারে। বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনাতেও স্মার্ট প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্মার্ট শহরে বর্জ্য ব্যবস্থাপনাতেও প্রযুক্তিনির্ভর করা যায়। পরিবেশ সংরক্ষণ স্মার্ট শহরের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। বায়ুদূষণ, শব্দদূষণ ও পানিদূষণের মাত্রা পর্যবেক্ষণের জন্য বিভিন্ন সেন্সর ব্যবহার করা যায়। স্মার্ট স্বাস্থ্য সেবা নগরবাসীর জীবনকে আরও সহজ করতে পারে। নিরাপত্তার ব্যবস্থার উন্নয়নেও স্মার্ট প্রযুক্তি গুরুত্বপূর্ণ। স্মার্ট শহরে ডিজিটাল নাগরিক সেবা চালু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্মার্ট পানি ব্যবস্থাও নগর উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের বড় শহরগুলোতে  স্মার্ট শহর উন্নয়নের মাধ্যমে যানজট, জলাবদ্ধতা, বর্জ্য, দূষণ, অপরিকল্পিত নগরায়ন ও নাগরিক সেবার নানা সমস্যা মোকাবিলা করা যেতে পারে। স্মার্ট শহরের উন্নয়ন শুধু আধুনিক প্রযুক্তির ব্যবহার নয় এটি মানুষের জীবনকে আরও নিরাপদ, সহজ, দ্রুত, পরিবেশবান্ধব ও আরামদায়ক করার একটি সমন্বিত উদ্যোগ। 

রোবটের ব্যবহার বৃদ্ধি

বর্তমান বিশ্বে প্রযুক্তির দ্রুত অগ্রগতির সাথে সাথে রোবটের ব্যবহার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। একসময় রোবটকে শুধু বিজ্ঞান কল্পকাহিনির বিষয় হিসেবে বিবেচনা করা হলেও বর্তমানে শিল্পকারখানা, চিকিৎসা, কৃষি, শিক্ষা, মহাকাশ গবেষণা, ব্যবসা বাণিজ্য, গৃহস্থালি কাজ, নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে রোবট বাস্তবভাবে ব্যবহৃত হচ্ছে। মানুষের কঠিন, ঝুকিপূর্ণ ও সময়সাপেক্ষ কাজ সহজ করার জন্য রোবট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিল্পকারখানায় রোবটের ব্যবহার সবচেয়ে বেশি লক্ষ করা যায়। উৎপাদন, পণ্য সংযোজন, প্যাকেজিং, ওয়েল্ডিং, ভারী যন্ত্রপাতি পরিচালনা এবং পণ্যের মান যাচাইয়ের মতো কাজে রোবট দ্রুত কাজ করতে পারে। চিকিৎসাক্ষেত্রেও রোবটের ব্যবহার দ্রুত বাড়ছে। জটিল অস্ত্রোপচারে চিকিৎসকদের সহায়তা করা, রোগির পরিচর্যা, ওষুধ সরবরাহ এবং হাসপাতালের বিভিন্ন কাজে রোবট ব্যবহৃত হচ্ছে। দুর্যোগপূর্ণ বা মানুষের জন্য বিপজ্জনক পরিবেশেও রোবট অত্যন্ত কার্যকর। আগুন, ধ্বংসস্তূপ, রাসায়নিক দূষণ কিংবা অন্যান্য ঝুকিপূর্ণ স্থানে রোবট পাঠিয়ে তথ্য সংগ্রহ ও উদ্ধারকাজে সহায়তা নেওয়া যায়। মহাকাশ গবেষণাতেও রোবট ব্যবহার করে এমন সব স্থানে অনুসন্ধান করা সম্ভব হচ্ছে যেখানে মানুষের সরাসরি উপস্থিত কঠিন। গৃহস্থালির কাজেও রোবটের ব্যবহার বাড়ছে। রোবটের ব্যবহার বৃদ্ধির অন্যতম কারণ হলো দ্রুততা, নির্ভুলতা ও  ধারাবাহিকভাবে কাজ করার ক্ষমতা। অনেক ক্ষেত্রে রোবট দীর্ঘ সময় বিরতি ছাড়াই কাজ করতে পারে এবং বিপজ্জনক পরিবেশে মানুষের ঝুকি কমাতে পারে। রোবটের ব্যবহার বাড়ার সাথে সাথে কর্মসংস্থান, দক্ষতা, নিরাপত্তা, নৈতিকতা ও  মানুষের সাথে প্রযুক্তির ভারসাম্য রক্ষার মতো বিষয়গুলোতেও গুরুত্ব দিতে হবে। রোবটের ব্যবহার বৃদ্ধি আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্বের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। 

ডিজিটাল অর্থনীতি

বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তির অগ্রগতির ফলে অর্থনৈতিক কর্মকান্ডের ধরন অনেকভাবে পরিবর্তিত হয়েছে। প্রযুক্তি নির্ভর যে অর্থনৈতিক ব্যবস্থা ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল ফোন, ডিজিটাল লেনদেন, অনলাইন ব্যবসা ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হয় তাকে ডিজিটাল অর্থনীতি বলা হয়। ডিজিটাল অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো অনলাইন আর্থিক লেনদেন। ই কমার্স ডিজিটাল অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ডিজিটাল অর্থনীতি কর্মসংস্থানের নতুন সুযোগও তৈরি করছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ডিজিটাল অর্থনীতির সম্ভাবনা অনেক। প্রযুক্তির সঠিক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে পারলে এটি দেশের ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান ও সামগ্রী অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। 

আধুনিক চিকিৎসা ব্যবস্থা

বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। একসময় অনেক রোগের কারণ নির্ণয় করা কঠিন ছিল এবং সামান্য অসুস্থতাতেও মানুষের জীবন ঝুকির মধ্যে পড়ত। কিন্তু আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এখন দ্রুত রোগ শনাক্ত করা, সঠিক চিকিৎসা দেওয়া এবং অনেক জটিল রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় করা সম্ভব হচ্ছে। আধুনিক চিকিৎসা ব্যবস্থা মানুষের জীবনকে নিরাপদ ও দীর্ঘায়িত  করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক চিকিৎসার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো রোগি নির্ণয়ের উন্নত প্রযুক্তি। রক্ত পরীক্ষা, এক্স রে, আল্ট্রাসনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি ও বিভিন্ন ধরনের ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে শরীরের অভ্যন্তরের সমস্যা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। বর্তমানে অস্ত্রোপচার ব্যবস্থাতেও অনেক উন্নতি হয়েছে। আধুনিক যন্ত্রপাতি ও উন্নতি প্রযুক্তির সাহায্যে জটিল অস্ত্রোপচার তুলনামূলকভাবে নিরাপদভাবে করা সম্ভব হচ্ছে। কিছু ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক ও রোবট সহায়ক সার্জারির মাধ্যমে শরীরে ছোট ছিদ্র করে অস্ত্রোপচার করা যায়। ফলে রোগির ব্যথা, রক্তক্ষরণ  ও সুস্থ হতে প্রয়োজনীয় সময় অনেক ক্ষেত্রে কমে আসে। আধুনিক চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তির ব্যবহারও বাড়ছে। রোগ নির্ণয়ে তথ্য বিশ্লেষণ, চিকিৎসকদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা, রোগির পর্যবেক্ষণ এবং কিছু জটিল অস্ত্রোপচারে রোবট ব্যবহারের মাধ্যমে চিকিৎসাসেবার  দক্ষতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়াও ক্যান্সার, হৃদরোগ, কিডনি রোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় আধুনিক পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। ভবিষ্যতে এই অগ্রগতি মানুষের জন্য আরও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

প্রযুক্তিনির্ভর শিক্ষা

বর্তমান যুগে শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার দ্রুত বৃদ্ধি পেয়েছে। প্রযুক্তি নির্ভর শিক্ষা হলো এমন একটি আধুনিক শিক্ষা প্রযুক্তি যেখানে কম্পিউটার, স্মার্টফোন, ইন্টারনেট, মাল্টিমিডিয়া, অনলাইন প্ল্যাটফর্ম, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিভিন্ন ডিজিটাল উপকরণের মাধ্যমে শিক্ষাদান ও শিক্ষাগ্রহণ করা হয়। প্রচলিত শ্রেণিকক্ষের পাশাপাশি  এখন শিক্ষার্থীরা ঘরে বসেও বিশ্বের বিভিন্ন উৎস থেকে জ্ঞান অর্জন করতে পারছে। প্রযুক্তির মাধ্যমে পাঠদান অনেক বেশি আকর্ষণীয় ও সহজবোধ করা সম্ভব। মাল্টিমিডিয়া প্রজেক্টর, অ্যনিমেশন, ভিডিও, ছবি ও ইন্টার‌্যাকটিভ কনটেন্ট ব্যবহার করে কঠিন বিষয়ও শিক্ষার্থীদের কাছে সহজভাবে উপস্থাপন করা যায়। এতে শিক্ষার্থীরা শুধু বই পড়ে নয় দেখে ও ব্যবহারিকভাবে বিষয় বুঝতে পারে। বিশেষ করে বিজ্ঞানর, গণিত, চিকিৎসা ও প্রযুক্তি বিষয়ক শিক্ষায় গুরুত্ব অনেক। অনলাইন শিক্ষা প্রযুক্তিনির্ভর শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন অনলাইন ক্লাস, ভিডিও লেখচার ও ডিজিটাল শিক্ষা মাধ্যমের সাহায্যে শিক্ষার্থীরা যেকোনো স্থান থেকে পড়াশোনা করতে পারে। ফলে সময় ও যাতায়াতের খরচ কমে এবং শিক্ষার সুযোগ আরও বিস্তৃত হয়। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার্থীদের ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী শেখার সুযোগ তৈরি করছে। কোনো বিষয়ে দুর্বল হলে অতিরিক্ত অনুশীলন, ব্যাখ্যা ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী পাওয়া সম্ভব হচ্ছে। শিক্ষরা প্রযুক্তির সাহায্যে শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ, পরীক্ষা গ্রহণ ও ফলাফল বিশ্লেষণ করতে পারে। সঠিক পরিকল্পনা ও নিরাপদ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রযুক্তি নির্ভর শিক্ষা একটি দক্ষ, জ্ঞানভিত্তিক ও আধুনিক প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির সঠিক ব্যবহার বাড়ানো গেলে শিক্ষার মান উন্নত হওয়ার পাশাপাশি ভবিষ্যতের কর্মসংস্থানের জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতাও তৈরি হবে। 

মহাকাশ গবেষণার অগ্রগতি

মহাকাশ গবেষণা আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির অন্যতম বিষ্ময়কর অর্জন। এক সময় মানুষ শুধু রাতের আকাশের দিকে তাকিয়ে চাদ, তারা ও গ্রহ সম্পর্কে কৌতূহল প্রকাশ করত। কিন্তু বিজ্ঞানের অগ্রগতির ফলে মানুষ এখন মহাকাশে উপগ্রহ পাঠাতে, চাদে অভিযান পরিচালনা করতে, মঙ্গল ও অন্যান্য গ্রহ উপগ্রহ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এবং দূরবর্তী মহাজাগতিক বস্তু পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছে। মহাকাশ গবেষণা শুধু মহাবিশ্ব সম্পর্কে আমাদের জ্ঞান বাড়াচ্ছে না বরং যোগাযোগ, আবহাওয়া, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও নেভিগেশন পৃথিবীর দৈনন্দিন জীবনেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মহাকাশ গবেষণার অন্যতম বড় অগ্রগতি হলো কৃত্রিম উপগ্রহের ব্যবহার। পৃথিবীর চারদিকে বিভিন্ন ধরনের উপগ্রহ স্থাপন করে আবহাওয়ার পূর্বাভাস, টেলিযোগাযোগ, টেলিভিশন সম্প্রচার, ইন্টারনেট সংযোগ, মানচিত্র তৈরি ও নেভিগেশন ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে।  কৃষিক্ষেত্রে উপগ্রহের ছবি ব্যবহার করে ফসলের অবস্থা, ভূমির পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে। চাদ গবেষণাতেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিভিন্ন দেশ চাদের পৃষ্ঠে মহাকাশযানও রোভার পাঠিয়েছে। এসব অভিযানের মাধ্যমে চাদের মাটি, খনিজ, পানি ও ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। এছাড়া আধুনিক মহাকাশ দূরবীক্ষণযন্ত্র মহাবিশ্ব সম্পর্কে মানুষের ধারণাকে আরও সমৃদ্ধ করেছে। রোবট প্রযুক্তির উন্নয়ন মহাকাশ গবেষণাকে আরও সহজ ও নিরাপদ করেছে। বর্তমানে পুনর্ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তি মহাকাশযাত্রার খরচ কমানোর সম্ভাবনা তৈরি করেছে। মহাকাশ গবেষণার অগ্রগতির ফলে পৃথিবীর মানুষও নানা সুবিধা পাচ্ছে। মহাকাশ গবেষণার অগ্রগতি মানব সভ্যতার জ্ঞান ও প্রযুক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। 

পরিবেশ রক্ষায় প্রযুক্তি

পরিবেশ রক্ষায় আধুনিক প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রযুক্তির সাহায্যে বায়ু, পানি ও মাটি দূষণ পর্যবেক্ষণ করা এবং দূষণের উৎস  শনাক্ত করা সম্ভব হচ্ছে। সৌরবিদ্যুৎ ও বায়ু বিদ্যুতের মতো নবায়ণযোগ্য জ্বালানি ব্যবহার করে জীবাশ্ব জ্বালানির ওপর নির্ভরতা ও কার্বন নিঃসরণ করা যায়। এছাড়া আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্য পুনর্ব্যবহার, পানি শোধন এবং বনাঞ্চল পর্যবেক্ষণ করা হচ্ছে। ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের  ক্ষতি মোকাবিলায় প্রযুক্তি কার্যকর সহায়তা দিচ্ছে। 

নবায়নযোগ্য শক্তির ব্যবহার

বর্তমান বিশ্বে জ্বালানির চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শিল্পায়ন, নগরায়ণ, পরিবহন ও মানুষের দৈনন্দিন জীবনকে বিদ্যুতের ব্যবহার বাড়ার ফলে কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বৃদ্ধি পেয়েছে। এসব জ্বালানি সীমিত এবং অতিরিক্ত ব্যবহারের ফলে বায়ুদূষণ ও গ্রীনহাউস গ্যাসের নিঃসরণ বাড়ে। পরিবেশ রক্ষা ও ভবিষ্যতের জ্বালানি চাহিদা পূরণের জন্য নবায়নযোগ্য শক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্যের আলো, বাতাস, পানি, জৈববস্তু ও ভূ তাপের  মতো প্রাকৃতিক উৎস থেকে নবায়নযোগ্য শক্তি পাওয়া যায়। সৌরশক্তি সবচেয়ে সহজলভ্য উৎসগুলোর একটি।  সৌর প্যানেলের মাধ্যমে সূর্যের আলোকে বিদ্যুতে রূপান্তর করে বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, কৃষি খামার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহার করা যায়। বাংলাদেশের গ্রামাঞ্চলে সৌরবিদ্যুৎ মানুষের বিদ্যুতের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বায়ুশক্তি নবায়নযোগ্য শক্তির আরেকটি গুরুত্বপূর্ণ উৎস।বাতাসের গতিশক্তি ব্যবহার করে জলবিদ্যুৎ  উৎপাদন করা হয়। নবায়নযোগ্য শক্তির ব্যবহার পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও নবায়নযোগ্য জ্বালানি অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি করে। নবায়নযোগ্য শক্তির বিস্তারে কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রাথমিক বিনিয়োগের খরচ, বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থা, প্রযুক্তিগত দক্ষতা এবং প্রয়োজনীয় অবকাঠামোর অভাব অনেক ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। এসব সমস্যা দূর করতে গবেষণা, প্রযুক্তি উন্নয়ন, দক্ষ জনবল তৈরি এবং সরকারি বেসরকারি উদ্যোগ প্রয়োজন। নবায়নযোগ্য শক্তি শুধু বিকল্প জ্বালানি নয় এটি একটি পরিবেশবান্ধব ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ভিত্তি। সঠিক পরিকল্পনা  ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে সৌর, বায়ু, পানি ও বায়োমাসের মতো নবায়নযোগ্য উৎসের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা বাড়ানো, পরিবেশ রক্ষা করা এবং একটি সবুজ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হবে।   

ইন্টারনেট অব থিংস (IOT)

ইন্টারনেট অব থিংস হলো  এমন একটি আধুনিক প্রযুক্তি যার মাধ্যমে বিভিন্ন দৈনন্দিন ব্যবহার্য যন্ত্র, মেশিন ও ডিভাইস ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়ে একে অপরের সাথে  তথ্য আদান প্রদান করতে পারে। সহজভাবে বলতে গেলে  যেসব বস্তু সাধারণত নিজের মতো করে কাজ করে সেগুলোকে ইন্টারনেটের সাথে যুক্ত করে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কাজ করানোর প্রযুক্তিই  IOT। স্মার্ট ফোন, স্মার্ট টিভি, স্মার্ট ঘড়ি, নিরাপত্তা ক্যামেরা, স্মার্ট লাইভ, গাড়ি, কৃষি যন্ত্রপাতি ও শিল্পকারখানার মেশিন সবই ইন্টারনেট অব থিংসের অংশ হতে পারে। ইন্টারনেট অব থিংস  ব্যবস্থায় সাধারণত সেন্সর, ইন্টারনেট সংযোগ, সফটওয়্যার ও ডেটা বিশ্লেষণ ব্যবস্থা ব্যবহার করা হয়। বর্তমানে ঘর বাড়িতেও ইন্টারনেট অব থিংসের ব্যবহার বাড়ছে। স্মার্ট লাইট, স্মার্ট ফ্যান, স্মার্ট দরজার তালা, স্মার্ট ক্যামেরা ও স্মার্ট থার্মোস্ট্যাট মোবাইল ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। চিকিৎসাক্ষেত্রেও ইন্টারনেট অব থিংস গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। বিভিন্ন পরিধানযোগ্য ডিভাইসের মাধ্যমে হৃদস্পন্দন, শারীরিক কার্যক্রম, ঘুম ও অন্যান্য স্বাস্থ্যসংক্রান্ত তথ্য পর্যবেক্ষণ করা সম্ভব। কৃষিতেও ইন্টারনেট অব থিংসের ব্যবহার কৃষকের জন্য অত্যন্ত উপকারি। মাটির আর্দ্রতা, তাপমাত্রা, আবহাওয়া ও ফসলের পরিবেশ পর্যবেক্ষণের জন্য বিভিন্ন সেন্সর ব্যবহার করা যায়। শিল্পকারখানায় ইন্টারনেট অব থিংস ব্যবহার করে বিভিন্ন মেশিনের কার্যক্রম পর্যবেক্ষণ করা যায়। ভবিষ্যতের স্মার্ট শহর গঠনে ইন্টারনেট অব থিংস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সঠিক পরিকল্পনা ও নিরাপত্তা নিশ্চিত করে ইন্টারনেট অব থিংসের ব্যবহার বাড়ানো গেলে ভবিষ্যতে মানুষের জীবন আরও প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে। 

স্বয়ংক্রিয় যানবাহন

স্বয়ংক্রিয় যানবাহন হলো এমন আধুনিক যানবাহন যা উন্নত প্রযুক্তির সাহায্যে মানুষের সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই চলাচল করতে পারে। এসব যানবাহনে ক্যামেরা, সেন্সর, রাডার, লিডার, কৃত্রিম বুদ্ধিমত্তা, জিপিএস ও বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা হয়। এসব প্রযুক্তি রাস্তা, যানবাহন, পথচারী, ট্রাফিক সংকেত  ও আশপাশের বিভিন্ন বাধা শনাক্ত করে এবং সেই তথ্য বিশ্লেষণ করে গাড়ির গতি, দিক ও ব্রেক নিয়ন্ত্রণে সহায়তা করে। স্বয়ংক্রিয় যানবাহনের মূল উদ্দেশ্য হলো যাতায়াতকে আরও নিরাপদ ও আরামদায়ক করে তোলা। বর্তমানে বিভিন্ন দেশে স্বয়ংক্রিয় গাড়ি নিয়ে পরীক্ষা ও ব্যবহার চলছে। ভবিষ্যতে প্রযুক্তির উন্নতির সাথে সাথে স্বয়ংক্রিয় যানবাহনের ব্যবহার আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বয়ংক্রিয় যানবাহনের অন্যতম গুরুত্বপূর্ণ  প্রযুক্তি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন সেন্সর ও ক্যামেরা থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে গাড়ির সামনে কি আছে তা শনাক্ত করতে  পারে। মানুষের ভুল, অসতর্কতা ও ক্লান্তি অনেক সড়ক দুর্ঘটনার কারণ হতে পারে।  স্বয়ংক্রিয় যানবাহন একে অপরের সাথে  এবং স্মার্ট ট্রাফিক ব্যবস্থার সাথে তথ্য আদান প্রদান করতে পারলে  যান চলাচল আরও সমন্বিত হতে পারে। স্বয়ংক্রিয় যানবাহন বয়স্ক মানুষ, প্রতিবন্ধী ব্যক্তি এবং যারা প্রচলিত পদ্ধতিতে গাড়ি চালাতে পারেন না তাদের চলাচলে নতুন সুযোগ তৈরি করতে পারে। স্বয়ংক্রিয় যানবাহনের সাথে  বৈদ্যুতিক গাড়ি ও স্মার্ট ট্রাফিক প্রযুক্তির সমন্বয় হলে জ্বলানি ব্যবহারের দক্ষতা বাড়ানো সম্ভব হতে পারে। স্বয়ংক্রিয় যানবাহন শুধু ব্যক্তিগত যাতায়াতের জন্য নয় পণ্য পরিবহণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হতে পারে। স্বয়ংক্রিয় যানবাহন পরিবহন খাতে একটি যুগান্তকারী প্রযুক্তি যা ভবিষ্যতের যাতায়াত ব্যবস্থাকে আরও স্মার্ট ও নিরাপদ করে তুলতে পারে। 

নতুন কর্মসংস্থানের সৃষ্টি

আধুনিক প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে কর্মসংস্থানের ধরন ও সুযোগে অনেক পরিবর্তন এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট, ইন্টারনেট অব থিংস, স্বয়ংক্রিয় যানবাহন,  ডিজিটাল অর্থনীতি ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের বিকাশের সাথে সাথে  নতুন পেশা ও কর্মক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। প্রযুক্তি কিছু প্রচলিত কাজকে স্বয়ংক্রিয় করলেও একই সাথে এমন অনেক কাজের সুযোগ তৈরি করছে যেগুলো আগে ছিল না বা খুব সীমিত ছিল। বর্তমানে সফটওয়্যার তৈরি, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ডেটা বিশ্লেষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, রোবট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের মতো ক্ষেত্রে দক্ষ মানুষের চাহিদা বাড়ছে। প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানগুলো নতুন ধরনের কর্মী নিয়োগ করছে এবং তরুণদের জন্য নতুন পেশার দরজা খুলে দিচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডেভলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, অনুবাদ, কনটেন্ট তৈরি ও ভার্চুয়াল সহায়তার মতো কাজে মানুষ স্বাধীনভাবে কাজ করতে পারছে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের ফলে মডেল তৈরি, ডেটা ব্যবস্থাপনা, মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম পর্যবেক্ষণ ও প্রযুক্তিগত সহায়তার মতো নতুন কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। রোবট শিল্পকারখানা, চিকিৎসা, কৃষি, গুদাম, পরিবহণ ও বিভিন্ন সেবাখাতে ব্যবহৃত হচ্ছে। প্রযুক্তির সহজলভ্যতার কারণে তরুণরা অল্প পুজি নিয়ে  অনলাইন ব্যবসা শুরু করতে পারছে। নতুন কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে হলে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠী প্রযুক্তিনির্ভর  নতুন কর্মসংস্থানের  বড় শক্তি হতে পারে। মানসম্মত প্রযুক্তি শিক্ষা, দ্রুতগতির ইন্টারনেট, দক্ষতা  উন্নয়ন প্রশিক্ষণ এবং উদ্যোক্তাদের সহায়তা নিশ্চিত করা গেলে দেশে নতুন কর্মক্ষেত্র তৈরি করা সম্ভব। ভবিষ্যতে প্রযুক্তিকে ভয় না পেয়ে এর সাথে তাল মিলিয়ে দক্ষতা অর্জন করাই হবে সফলতার মূল চাবিকাঠি। 

মানবজীবনের মানোন্নয়ন

আধুনিক প্রযুক্তির অগ্রগতির ফলে  মানুষের জীবনযাত্রায় অনেক পরিবর্তন এসেছে। একসময় যে কাজ করতে  আনেক সময়, শ্রম ও অর্থ ব্যয় হতো  বর্তমানে প্রযুক্তির সাহায্যে সেই কাজ অনেক সহজ ও দ্রুত করা সম্ভব হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট, ইন্টারনেট অব থিংস, ডিজিটাল যোগাযোগ, আধুনিক চিকিৎসা, স্মার্ট পরিবহন ডিজিটাল অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলেছে। ফলে মানুষের জীবনযাত্রার মান ক্রমেই উন্নত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। প্রযুক্তির সবচেয়ে বড় অবদান হলো সময় শ্রম ও সাশ্রয়। আধুনিক যন্ত্রপাতি ও স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে ঘরের কাজ, অফিসের কাজ, শিল্প উৎপাদন ও বিভিন্ন সেবা দ্রুত সম্পন্ন করা যায়। এতে মানুষ কঠিন ও সময়সাপেক্ষ কাজ থেকে কিছুটা মুক্ত হয়ে শিক্ষা, সৃজনশীলতা, পরিবার ও ব্যক্তিগত উন্নয়নে বেশি সময় দিতে পারে। মানব জীবনের মানোন্নয়নের আধুনিক চিকিৎসাবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তির কারণে শিক্ষা এখন শুধু শ্রেণিকক্ষের  মধ্যে সীমাবদ্ধ নেই। বর্তমানে স্মার্ট ফোন ও ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষের সাথে মুহূর্তের মধ্যে যোগাযোগ  করা যায়। ডিজিটাল অর্থনীতি মানুষের আয় ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করছে। স্মার্ট হোম প্রযুক্তির মাধ্যমে ঘরের বিভিন্ন যন্ত্রপাতি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা যায়। আধুনিক প্রযুক্তি মানুষের নিরাপত্তা বৃদ্ধিতেও ভূমিকা রাখছে। প্রযুক্তির সঠিক ব্যবহার পরিবেশ রক্ষাতেও সহায়তা করতে পারে। প্রযুক্তির সঠিক ব্যবহার মানুষের জীবনকে শুধু সহজ করছে না বরং স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, অর্থনীতি, নিরাপত্তা, পরিবেশ ও দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নত করছে। তবে প্রযুক্তির সুফল পেতে হলে এর  অপব্যবহার, আসক্তি, সাইবার ঝুকি সম্পর্কে সচেতন থাকতে হবে। মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে আরও  উন্নত মানবজীবন গড়ে উঠবে। 

প্রযুক্তির ছোয়ায় গড়ে উঠবে এমন এক স্মার্ট ভবিষ্যৎ যেখানে মানুষের জীবন হবে আরও সহজ, আরামদায়ক ও নিরাপদ। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কাজকে সহজ করবে, রোবট কঠিন ও ঝুকিপূর্ণ কাজে সহায়তা করবে, প্রযুক্তি নির্ভর শিক্ষা জ্ঞান অর্জনের সুযোগ বাড়াবে এবং আধুনিক চিকিৎসা মানুষের জীবন রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবে। স্মার্ট শহরে উন্নত যোগাযোগ ব্যবস্থা, স্বয়ংক্রিয়সেবা, নিরাপদ পরিবেশ ও আধুনিক অবকাঠামো মানুষের জীবনযাত্রার মান উন্নন করবে। একইভাবে ডিজিটাল অর্থনীতি ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি  করবে। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এর অপব্যবহার, সাইবার অপরাধ, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, বেকারত্ব এবং পরিবেশের ওপর সম্ভাব্য ক্ষতির বিষয়গুলোও গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। প্রযুক্তি যেন মানুষের বিকল্প না হয়ে মানুষের স্মার্ট সহায়ক হিসেবে কাজ করে সেদিকে নজর দিতে হবে। উন্নত অবকাঠামো ও দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশও একটি আধুনিক ও স্মার্ট রাষ্ট্র হিসেবে এগিয়ে  যেতে পারে। প্রযুক্তিকে ভয় নয়  জ্ঞান ও বিবেকের সাথে কাজে লাগাতে হবে। মানুষের কল্যাণ, পরিবেশের সুরক্ষা ও টেকসই উন্নয়নকে সামনে রেখে প্রযুক্তির সঠিক ব্যবহারই গড়ে তুলবে একটি সুন্দর, নিরাপদ ও স্মার্ট ভবিষ্যৎ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url