তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ অগ্রগতির নতুন অধ্যায়।

একবিংশ শতাব্দীতে দাড়িয়ে তথ্য প্রযুক্তি আজ কোনো বিলাসিতা নয়, বরং সভ্যতার মেরুদন্ড। বিশ্বায়নের এই যুগে তথ্যপ্রযুক্তির অভাবনীয় উন্নয়ন বাংলাদেশের আর্থ -সামাজিক প্রেক্ষাপটকে আমূল বদলে দিয়েছে। এনালগ সিস্টেমের সীমাবদ্ধতা কাটিয়ে দেশ এখন ডিজিটাল বিপ্লবের মহাসড়কে। তথ্যপ্রযুক্তি শুধু যোগাযোগ সহজ করেনি, বরং শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনীতির প্রতিটি স্তরে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করেছে। আজকের বাংলাদেশ তথ্যপ্রযুক্তির আলোয় আলোকিত এক উদীয়মান রাষ্ট্র, যা আগামীর স্মার্ট বিশ্বের স্বপ্ন দেখছে। আধুনিক তথ্য প্রযুক্তি বাংলাদেশের অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা, কৃষি, যোগাযোগ ও প্রশাসনসহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। ইন্টারনেট, কম্পিউটার, স্মার্টফোন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল সেবার বিস্তারের ফলে মানুষের জীবনযাত্রা আরও সহজ ও গতিশীল হয়েছে। বিজ্ঞানের জ্ঞানকে যে পদ্ধতির মাধ্যমে বিভিন্ন আবিষ্কার ও  উৎপাদনের রূপ দেওয়া হয় তাকে বলে প্রযুক্তিবিদ্যা। বিজ্ঞান যখন মানুষের প্রয়োজনের সীমায় বাধা পড়ে তখন প্রযুক্তিবিদ্যার জন্ম হয়। আর তথ্যপ্রযুক্তি হলো, কম্পিউটার কিংবা টেলিযোগাযোগ মাধ্যমের সাহায্যে তথ্য সংরক্ষণ, গ্রহণ-প্রেরণ, তথ্য প্রক্রিয়াকরণ ইত্যাদি কাজের জন্য ব্যবহৃত প্রযুক্তি। এ প্রযুক্তির উদ্দেশ্য তথ্যের সরবরাহ সুনিশ্চিতকরণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জীবনযাত্রাকে সহজসাধ্য করা।



শিক্ষা ক্ষেত্রে অনলাইন ক্লাস, ডিজিটাল শিক্ষাসামগ্রী ও ই-লানিংয়ের মাধ্যমে শিক্ষার সুযোগ বিস্তৃত হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে টেলিমেডিসিন ও অনলাইন স্বাস্থ্যসেবার মাধ্যমে দূরবর্তী এলাকার মানুষও চিকিৎসকের পরামর্শ নিতে পারছেন। কৃষিক্ষেত্রে কৃষকরা আবহাওয়া, বাজারদর ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে দ্রুত তথ্য পাচ্ছেন। যোগাযোগ ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তের মধ্যে দেশ- বিদেশের মানুষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে।  সরকারি ক্ষেত্রে বিভিন্ন সরকারি সেবা অনলাইনে পাওয়ায় সময়, শ্রম ও খরচ কমেছে। ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে ই-কমার্স, মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল লেনদেনের  ব্যবসাকে আরও সহজ করেছে। কর্মসংস্থানের ক্ষেত্রে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং ও প্রযুক্তি নির্ভর কাজের মাধ্যমে তরুণদের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। আধুনিক তথ্যপ্রযুক্তি শুধু মানুষের জীবনকে সহজ করছেনা, এটি বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও স্মার্ট রাষ্ট্রে পরিণত করার অন্যতম প্রধান হাতিয়ার। 

আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার

আধুনিক তথ্যপ্রযুক্তি বর্তমান জীবনের অবিচ্ছেদ্য অংশ। কম্পিউটার, ইন্টারনেট, স্মার্টফোন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিভিন্ন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে মানুষের কাজ দ্রুত, সহজ ও নির্ভুলভাবে সম্পন্ন হচ্ছে। প্রযুক্তি মানুষের উপকারী বন্ধুর মতাে। আর তথ্যপ্রযুক্তি হচ্ছে মানুষের জীবনযাপনের অঙ্গ। তথ্যপ্রযুক্তির সুবিধা ভোগ করছেনা, এমন মানুষ খুজে পাওয়া যাবেনা। কারণ যেখানে মানুষ আছে, সেখানেই পৌছে গেছে বিজ্ঞানের কল্যাণের আলো। মানুষের মৌল মানবিক চাহিদা পূরণে প্রয়োজনীয় উপাদানের জোগানে তথ্যপ্রযুক্তি নানাভাবে সহায়তা দান করছে। তথ্যপ্রযুক্তি ব্যবহারের কয়েকটি ধাপ হলো- অনলাইন ক্লাস, ডিজিটাল বই, ভিডিও শিক্ষা ও অনলাইন পরীক্ষার মাধ্যমে শিক্ষার সুযোগ বৃদ্ধি পেয়েছে। টেলিমেডিসিন, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ও ডিজিটাল স্বাস্থ্যসেবার মাধ্যমে দ্রুত চিকিৎসা পরামর্শ পাওয়া যায়। আবহাওয়ার পূর্বাভাস ফসলের রোগবালাই ও বাজারদর সম্পর্কে তথ্য পেতে প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। দেশ-বিদেশের অর্থনৈতিক উন্নয়ন ও উন্নয়নের অন্তরায়কে তুলে ধরা।  শিশু ও মায়ের মৃত্যুরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সংক্রান্ত তথ্যাদি পরিবেশন করা। মানুষের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য বিশ্বের বিভিন্ন দেশের মতামত ও পরামর্শ সম্পর্কে সবাইকে অবহিত করা। বিশ্বের জ্ঞান-বিজ্ঞানের সাথে পরিচয় ঘটিয়ে নিজস্ব সংস্কৃতির উন্নতি ও সমৃদ্ধি সাধনে সহায়তা করা। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম তথ্য সরবরাহ ও পরিবেশন করা। বিশ্বের বিভিন্ন দেশের অগ্রগতির মূল বিষয় সম্পর্কে উন্নয়নশীল দেশের উন্নয়ন কর্মীদের সচেতন ও সহায়তা দান করা। অনলাইন কেনাকাটা, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স ব্যবসাকে সহজ করেছে। ই-মেইল, ভিডিও কল ও সামাজিক যোগাযোগের মাধ্যমে সহজেই দেশ বিদেশে যোগাযোগ করা যায়। অনলাইন কেনাকাটা, খাবার অর্ডার, যাতায়াত, বিনোদন ও তথ্য অনুসন্ধানে তথ্যপ্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। মোবাইল ব্যাংকিং, অনলাইন লেনদেন ও ডিজিটাল পেমেন্টের মাধ্যমে অর্থ লেনদেন দ্রুত হচ্ছে। ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং ও বিভিন্ন অনলাইন পেশার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

পুস্তক প্রকাশনায় তথ্যপ্রযুক্তি

তথ্যপ্রযুক্তির উন্নতির ফলে পুস্তক প্রকাশনা শিল্পের অনেক পরিবর্তন এসেছে। আগে একটি বই প্রকাশ করতে দীর্ঘ সময় ও অনেক  শ্রমের প্রয়োজন হতো। কম্পিউটারের সাহায্যে পুস্তক প্রকাশনার কাজটি গুরুত্বপূর্ণ। যা তথ্যপ্রযুক্তির ছোয়ায় আরো গতিশীল হচ্ছে। এখন কম্পিউটারের কল্যাণে সম্পূর্ণ অটোমেটিক মেশিনে দুই এক দিনেই প্রকাশ করা যাচ্ছে হাজার হাজার পৃষ্ঠার বই। যে কোনো বই পুস্তক অনায়াসে কম্পিউটারের স্মৃতিতে রেখে দেওয়া যায় এবং পরে সুবিধামতো পুনঃমুদ্রণও করা যায়।


সভ্যতার বিকাশে তথ্যপ্রযুক্তি

তথ্যপ্রযুক্তি আধুনিক সভ্যতার  বিকাশের অন্যতম প্রধান চালিকাশক্তি। মানুষের জ্ঞান, যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও জীবনযাত্রায় প্রযুক্তির ব্যবহার সভ্যতাকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। কম্পিউটার, ইন্টারনেট, স্মার্টফোন, কৃত্তিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তি মানুষের কাজকে সহজ ও দ্রুত করেছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মানু্ষের জীবনমানের অগ্রগতির মাধ্যমেই গড়ে উঠেছে আধুনিক সভ্যতা। সভ্যতার অগ্রযাত্রার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তথ্যপ্রযুক্তি। তথ্যপ্রযুক্তির ব্যবহার মানুষকে সুখ-স্বাচ্ছন্দ্যময় জীবন এনে দিয়েছে। বিজ্ঞানের সবরকম চেষ্টা, চিন্তা, আবিষ্কার তথ্যপ্রযুক্তির সাহায্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের কাছে অতি দ্রুত পৌছে যাচ্ছে। আধুনিক যুগে বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যা একই স্রোতধারায় আবর্তিত হচ্ছে। প্রযুক্তিবিদ্যার কারিগরি জ্ঞান মানুষকে বিভিন্নভাবে সাহায্য করে। প্রযুক্তিবিদ্যাই সভ্যতাকে আধুনিক করে তুলেছে। শস্য উৎপাদনে, হাতিয়ার নির্মাণে, দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন দ্রব্যাদি যেমন- কাপড়-চোপড়, ঘরবাড়ি তৈরিতে মানুষ হাত ব্যবহার করত। পরবর্তীতে তা পরিবর্তিত হয়ে প্রযুক্তির আওতায় আসে। তখন স্বল্পশ্রমে, স্বল্প সময়ে অধিক পণ্য উৎপাদন সম্ভব ছিল না। আধুনিক যুগে প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তির বিকাশে পৃথিবী জুড়ে নবচেতনার সঞ্চার হয়েছে এবং তা পৃথিবীকে দ্রুত উন্নয়নের  দিকে পরিচালিত করছে। তথ্যপ্রযুক্তি সেই অগ্রযাত্রাকে করছে আরও গতিশীল। বিজ্ঞানে প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তির ব্যবহারের ফলেই সভ্যতার ক্রমোন্নতি হতে হতে আজকের আধুনিক সভ্যতা গড়ে উঠেছে। ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের বিপুল জ্ঞান মানুষের হাতের মুঠোয় এসেছে। অনলাইন  শিক্ষা ও ডিজিটাল বই শিক্ষার সুযোগকে আরও বিস্তৃত করেছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে রোগ নির্ণয়, চিকিৎসা গবেষণা ও টেলিমেডিসিনের ব্যাপক উন্নতি হয়েছে। ডিজিটাল সেবার মাধ্যমে সরকারি কাজ আরও দ্রুত ও সহজ করা হয়েছে। তথ্যপ্রযুক্তি মানুষকে তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ ও নতুন জ্ঞান সৃষ্টির সুযোগ করে দিয়েছে। 

শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণে তথ্যপ্রযুক্তি

বর্তমান সময়ে শিক্ষার্থীদের নাম, জন্মতারিখ, ফলাফল, উপস্থিতি, অভিবাককের তথ্যসহ গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করা হয়। তথ্যপ্রযুক্তি এসব তথ্য নিরাপদে সংরক্ষণ ও প্রয়োজনের সময় দ্রুত ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কম্পিউটারের বিভিন্ন প্রয়োজনে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য যেমন- নাম, ঠিকানা, বয়স, রক্তের গ্রুপ ইত্যাদির সংরক্ষণ করা হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কম্পিউটারে ফাইল খুলে শিক্ষার্থীদের পোর্টফোলিও তৈরি করে রাখে। এক্ষেত্রেও তথ্যপ্রযুক্তি বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে।  

যোগাযোগ ক্ষেত্রে তথ্যপ্রযুক্তিঃ

আদিকাল থেকেই মানুষ একজন অন্যজনের সাথে, এক দেশ থেকে অন্য দেশের সাথে যোগাযোগ করতে চেয়েছে। বিভিন্ন সময় তারা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেছে। কবি কালিদাস মেঘদূতের মাধ্যমে তার প্রিয়ার কাছে প্রণয় বার্তা পাঠানোর কথা বলেছেন। ক্রমান্বয়ে চিঠিপত্রাদির প্রচলন হয়। সম্ভবত খ্রিষ্টপূর্ব ৩২২ অব্দে মৌর্যের রাজত্বকাল থেকে প্রশিক্ষিত পায়রা সংবাদ বহন করত। পরে ঘোড়া, রাজদূত, রানার এ কাজ করত। চিঠি মানুষের কাছে প্রামাণ্য দলিল বিধায় এখনও ঠিকে আছে।  একসময় আধুনিক প্রযুক্তি হিসেবে ছিল টেলিগ্রাফ। বর্তমানে আধুনিক তথ্যপ্রযুক্তির ছোয়ায় যোগাযোগের জন্য এসেছে টেলিফোন, মোবাইল ফোন, ইন্টারনেট, ই-মেইল। ফেসবুকের মাধ্যমে তাৎক্ষণিকভাবে টেক্সট পাঠিয়ে যোগাযোগ করা যায়। বিশেষ পদ্ধতি ব্যবহার করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের  যোগাযোগ রক্ষার জন্য ফোন করা যায়, কম্পিউটারে বিশেষ পদ্ধতি ব্যবহার করে বক্তা ও শ্রোতার ছবি এবং তার অবস্থান মুভমেন্ট ইত্যাদি দেখা যায়। আধুনিক তথ্যপ্রযু্ক্তির আরেকটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হচ্ছে ইন্টারনেট। এর মাধ্যমে পৃথিবীর এক প্রান্তের কম্পিউটার থেকে অন্য প্রান্তের আরেকটি কম্পিউটারে যাবতীয় তথ্য সংগ্রহ ও প্রেরণ করা যায়। পৃথিবীর লক্ষ লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে আছে ইন্টারনেট। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে মানুষ অনলাইনে বই পড়ে, দেশ বিদেশের সাহিত্য সংস্কৃতির সাথে জ্ঞানের যোগাযোগ রক্ষা করছে। ই-মেইলের মাধ্যমে চিঠিপত্র আদান-প্রদান ও দরকারি ফাইল প্রেরণ করা যায়। মুহূর্তের মধ্যে বার্তা, ছবি, ভিডিও ও প্রয়োজনীয় তথ্য পাঠানো যায়। ভিডিও ও অডিও কলে দূরে থাকা মানুষের সঙ্গে সরাসরি কথা বলা ও দেখা সম্ভব। ই-মেইলের মাধ্যমে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ দ্রুত ও সহজ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ সহজেই মতামত, খবর ও তথ্য একে অন্যের সঙ্গে শেয়ার করতে পারছে। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ও প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। 

বাংলাদেশে আধুনিক তথ্যপ্রযুক্তির বাস্তব প্রয়োগ

বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্যপ্রযুক্তির প্রয়োগ ও চর্চার ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। সরকার প্রযুক্তি নির্ভর একটি আধুনিক বাংলাদেশ গড়তে প্রযুক্তিকে অগ্রাধিকার দিচ্ছে। শিক্ষা ক্ষেত্রে অনলাইন ক্লাস, পরীক্ষার ফলাফল প্রকাশ এবং বিভিন্ন শিক্ষামূলক ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। যোগাযোগ ব্যবস্থায় স্মার্টফোন, ইন্টারনেট, ভিডিও কল ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমকে মুহূর্তের মধ্যে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করা যাচ্ছে। বাস, ট্রেন, লঞ্চ ও বিমানের টিকিটও অনলাইনে কেনা যায়। চিকিৎসাক্ষেত্রে টেলিমেডিসিনের মাধ্যমে দূরবর্তী এলাকার রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দিতে পারছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে ২৩৩টি টেলিমেডিসিন সেবা কেন্দ্র চালু রয়েছে। কৃষিক্ষেত্রে কৃষকরা মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে আবহাওয়া ফসলের রোগবালাই, আধুনিক চাষাবাদ, বাজারদর ও কৃষি পরামর্শ সম্পর্কে তথ্য পাচ্ছেন। এতে কৃষিতে প্রযুক্তি নির্ভর সিদ্ধান্ত গ্রহণের সুযোগ বাড়ছে। মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানো, বিল পরিশোধ, রেমিট্যান্স গ্রহণসহ বিভিন্ন আর্থিক কাজ ঘরে বসেই করা সম্ভব হচ্ছে। অনলাইনে জন্ম-মৃত্যু নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট আবেদন, ই-নামজারি, ভূমিসেবা আয়কর, বিভিন্ন সনদ ও সরকারি ফরমের আবেদন করা যাচ্ছে। ডিজিটাল সেন্টারের মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষও ৩৯০টির বেশি সরকারি বেসরকারি সেবা পাচ্ছেন। ই-কমার্স, অনলাইন মার্কেটিং, ডিজিটাল পেমেন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে  ব্যবসা পরিচালনা সহজ হয়েছে। ছোট উদ্যোক্তারাও অনলাইনে দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের কাছে পণ্য পৌছে দিতে পারছেন। ই-ফাইলিং ও স্মার্ট অফিস ব্যবস্থাপনার মাধ্যমে কাগজের ব্যবহার কমিয়ে সরকারি কাজ দ্রুত ও সহজ করার উদ্যোগ এগিয়ে চলছে। ই-কমার্স, ই-লার্নিং ই-বুকিংয়ের পাশাপাশি ই- ভোটিং কার্যক্রম এগিয়ে চলছে। দেশে প্রথম আইসিটি ইনকিউবেটর প্রতিষ্ঠা করা হয়েছে। এতে প্রায় ৬০টি সেবাদাতা ও সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের এক হাজারের বেশি দক্ষ কর্মী এতে কাজ করছেন। 

তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানের প্রকৃতি

তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান প্রযুক্তি আধুনিক সভ্যতার অগ্রগতির প্রধান চালিকাশক্তি। বিজ্ঞার নতুন জ্ঞান ও আবিষ্কারের পথ তৈরি করে, আর প্রযুক্তি সেই জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করে মানুষের  জীবনকে সহজ ও উন্নত করে। বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, যোগাযোগ ও অর্থনীতিতেও এর ব্যবহার ক্রমেই বাড়ছে। তথ্যপ্রযুক্তি হলো তথ্যের সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিতরণের সমন্বিত কারিগরি ব্যবস্থা। এটি মূলত বিজ্ঞানের তাত্ত্বিকজ্ঞানের একটি প্রায়োগিক রূপ। বিজ্ঞান যখন নতুন কোনো আবিষ্কার করে, প্রযুক্তি তখন সেই আবিষ্কারকে মানুষের কল্যাণে ব্যবহারযোগ্য করে তোলে। বাংলাদেশের প্রেক্ষাপটে তথ্যপ্রযুক্তির প্রকৃতি অত্যন্ত গতিশীল। এটি কেবল যন্ত্রনির্ভর নয়, বরং এটি একটি জীবনদর্শন  যা নাগরিক সেবাকে মানুষের হাতের মুঠোয় পৌছে দিয়ে সমাজকাঠামোতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে কম্পিউটার, স্মার্টফোন, ইন্টারনেট, ই-মেইল, ক্লাউড প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে তথ্য সংগ্রহ. সংরক্ষণ, বিশ্লেষণ ও দ্রুত আদান-প্রদান করা হচ্ছে। অনলাইন শিক্ষা, ডিজিটাল সরকারি সেবা, মোবাইল ব্যাংকিং ও টেলিমেডিসিন এর গুরুত্বপূর্ণ উদাহরণ। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আধুনিক কৃষিযন্ত্র, উন্নত বীজ, জৈবপ্রযুক্তি, সৌরবিদ্যুৎ, চিকিৎসা প্রযুক্তি, রোবটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কাজকে দ্রুত ও দক্ষ করে তুলছে। কৃষিতে ট্রাক্টর, কম্বাইন হারভেস্টার, ড্রোন ও স্মার্ট সেচব্যবস্থার মতো প্রযুক্তি উৎপাদন বাড়াতে  এবং সময় খরচ কমাতে সাহায্য করছে। তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান প্রযুক্তির সমন্বিত ব্যবহার শিক্ষার মান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি চিকিৎসাসেবা সহজলভ্য করা এবং শিল্প ও ব্যবসার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাতেও বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সমন্বিত ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিজ্ঞান জ্ঞান সৃষ্টি করে, আর প্রযুক্তি সেই জ্ঞানকে মানুষের কল্যাণে কাজে লাগায়। তাই বাংলাদেশের উন্নয়নের জন্য বিজ্ঞানমনস্কতা, প্রযুক্তিগত দক্ষতা এবং তথ্যপ্রযুক্তির সঠিক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

বাংলাদেশে তথ্যপ্রযুক্তির প্রভাব

বাংলাদেশে তথ্যপ্রযুক্তির প্রভাব অত্যন্ত ব্যাপক। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, যোগাযোগ ও সরকারি সেবাসহ প্রায় সব ক্ষেত্রেই প্রযুক্তি মানুষের জীবনকে সহজ ও গতিশীল করেছে। বাংলাদেশে তথ্যপ্রযুক্তির প্রভাব বহুমুখী এবং সুদূরপ্রসারী। এক সময় সরকারি অফিসের ফাইল বন্দি আমলাতান্ত্রিক জটিলতা এখন ডিজিটাল স্কিনে বন্দি। সাধারণ মানুষের জীবনযাত্রায় মোবাইল ব্যাংকিং, ই-পুর্জি কিংবা অনলাইন জন্ম নিবন্ধনের মতো সেবাগুলো জাদুর মতো কাজ করছে। গ্রামীণ ও শহরকেন্দ্রিক বৈষম্য কমিয়ে আনতে তথ্যপ্রযুক্তি সবচেয়ে বড় ভূমিকা রাখছে। তথ্যের এই অবাধ প্রবাহ মানুষকে অধিকতর সচেতন ও অধিকারকামী করে তুলেছে, যার ফলে সমাজের প্রতিটি স্তরে এক নতুন জাগরণ সৃষ্টি হয়েছে। বাংলাদেশে তথ্যপ্রযুক্তির প্রধান প্রভাবগুলো হলো- অনলাইন ক্লাস, ডিজিটাল বই, অনলাইন পরীক্ষা, ভিডিও টিউটোরিয়াল ও ফলাফল দেখার সুযোগ তৈরি হয়েছে। টেলিমেডিসিন, অনলাইন চিকিৎসা পরামর্শ ও ডিজিটাল স্বাস্থ্যসেবা মানুষের কাছে চিকিৎসা সংক্রান্ত তথ্য পৌছাতে সহায়তা করছে। জন্ম-মৃত্যু নিবন্ধন, পাসপোর্ট আবেদন, ভূমিসেবা, কর প্রদানসহ বিভিন্ন সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে। ডিজিটাল সেন্টারের মাধ্যমেও গ্রামাঞ্চলে এসব সেবা পৌছে যাচ্ছে। কৃষকরা মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে আবহাওয়া, রোগবালাই, কৃষি প্রযুক্তি ও বাজার সংক্রান্ত তথ্য পেতে পারছেন। ফ্রিল্যান্সিং, সফটওয়ার উন্নয়ন, ডিজিটাল মার্কেটিং, ডাটা বিশ্লেষণ ও সাইবার নিরাপত্তার মতো নতুন কর্মক্ষেত তৈরি হয়েছে। অনলাইনে টিকিট কেনা, বিল পরিশোধ, কেনাকাটা, চাকরির আবেদন ও বিভিন্ন তথ্য সংগ্রহ এখন ঘরে বসেই করা যায়। ই-কমার্স, অনলাইন ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা ও ডিজিটাল লেনদেন ব্যবসাকে দ্রুত ও সহজ করেছে।  মোবাইল ফোন, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে মুহূর্তের মধ্যে দেশ বিদেশে যোগাযোগ করা সম্ভব হচ্ছে। তথ্য প্রযুক্তির অপব্যবহারের ফলে সাইবার অপরাধ, গোপনীয়তা লঙ্ঘন, ভোয়া তথ্য ও প্রযুক্তিনির্ভর আসক্তির মতো সমস্যাও তৈরি হচ্ছে। প্রযুক্তির সুফল পেতে ডিজিটাল দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি জরুরি। 

কৃষি ও গ্রামভিত্তিক জীবনে তথ্যপ্রযুক্তির প্রভাব

বাংলাদেশের কৃষি ও গ্রামীণ জীবনে তথ্য প্রযুক্তি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে।আগে কৃষকদের কৃষি সংক্রান্ত তথ্যের জন্য মূলত অভিজ্ঞ ব্যক্তি বা কৃষি কর্মকর্তার ওপর নির্ভর করতে হতো। এখন মোবাইল ফোন ও ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। বাংলাদেশের অর্থনীতির প্রাণ হলো কৃষি। তথ্যপ্রযুক্তির কল্যাণে কৃষকরা এখন স্মার্ট কৃষিতে অভ্যস্ত হচ্ছে। মোবাইল অ্যাপের মাধ্যমে ফসলের রোগ নির্ণয়, সারের সঠিক মাত্রা এবং বাজারের দামের তথ্য পাওয়া যাচ্ছে। গ্রামে গ্রামে স্থাপিত ডিজিটাল সেন্টারগুলো কৃষকদের জন্য তথ্যের বাতিঘর হিসেবে কাজ করছে। ড্রোন ও রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে, যা দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে ফসলের ফলন বাড়াতে কৃষকদের বিশেষভাবে সহায়তা করছে। কৃষকরা ফসলের রোগবালাই, সার ও কীটনাশকের ব্যবহার এবং চাষাবাদের আধুনিক পদ্ধতি সম্পর্কে তথ্য পেতে পারেন। মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন কৃষিপণ্যের বাজারদর জানা যায়। ফলে কৃষকরা উপযুক্ত সময়ে পণ্য বিক্রির সিদ্ধান্ত নিতে পারেন। বৃষ্টি, ঝড়, খরা ও  অন্যান্য আবহাওয়া সংক্রান্ত তথ্য জেনে কৃষকরা চাষাবাদে আগাম প্রস্তুতি নিতে পারেন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ডিজিটাল সেবার মাধ্যমে কৃষকরা কৃষি সংক্রান্ত পরামর্শ ও তথ্য গ্রহণ করতে পারেন। উন্নত বীজ, যন্ত্রপাতি, সেচব্যবস্থা ও আধুনিক চাষাবাদ সম্পর্কে সহজে জানা সম্ভব হচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে গ্রামের শিক্ষার্থীরা অনলাইন ক্লাস, ডিজিটাল বই ও বিভিন্ন শিক্ষামূলক উপকরণ ব্যবহার করতে পারছে। অনলাইন কেনাবেচা ও মোবাইল ব্যাংকিংয়ের ফলে গ্রামের মানুষ সহজে ব্যবসা পরিচালনা ও অর্থ লেনদেন করতে পারছে। তথ্যপ্রযুক্তি কৃষিকে আরও আধুনিক ও উৎপাদনশীল করার পাশাপাশি গ্রামীণ মানুষের জীবনযাত্রাকে সহজ ও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তথ্যপ্রযুক্তি প্রসারে সরকারের গৃহীত পদক্ষেপ

বাংলাদেশ সরকার দেশের মানুষের কাছে দ্রুত ও সহজে তথ্য পৌছে দিতে তথ্যপ্রযুক্তিভিত্তিক নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষও সরকারি ও প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সহজে পাচ্ছে। সরকার স্মার্ট বাংলাদেশ ২০৪১ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তথ্যপ্রযুক্তির প্রসারে নিরলস কাজ করছে। সারা দেশে হাই-টেক পার্ক স্থাপন, তরুণদের জন্য আইটি প্রশিক্ষণ এবং ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড প্রদান এসবই সরকারের প্রশংসনীয় উদ্যোগ। এছাড়া আইটি খাতে বিনিয়োগকারীদের ট্যাক্স সুবিধা এবং স্টার্টআপ ফান্ডের ব্যবস্থা করা হয়েছে। সরকার সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে নতুন আইন ও ডিজিটাল সিকিউরিটি এজেন্সি গঠন করেছে। এসব পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বের কাছে একটি শক্তিশালী প্রযুক্তিভিত্তিক দেশ হিসেবে পরিচিত করছে। সরকারের বিভিন্ন দপ্তরের তথ্য  ও সেবা অনলাইনে প্রকাশের জন্য জাতীয় তথ্য বাতায়ন চালু করা হয়েছে। ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলা পর্যায়ে ডিজিটাল সেন্টারের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায়  বিভিন্ন তথ্য ও সেবা পৌছেদেওয়া হচ্ছে। বর্তমানে ডিজিটাল সেন্টারগুলোতে ৩০০টির বেশি সরকারি-বেসরকারি সেবা দেওয়া হচ্ছে। টেলিযোগাযোগ সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে ইন্টারনেট ও কানেক্টিভিটি সম্প্রসারণের জন্য কানেক্টেড বাংলাদেশ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ডিজিটাল সেন্টারের মাধ্যমে কৃষি তথ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষামূলক তথ্য, চাকরি ও বিভিন্ন সরকারি সেবা গ্রামের মানুষের কাছে পৌছে দেওয়া হচ্ছে। ই-টেন্ডারিং, অনলাইন আবেদন,ভূমিসেবা, বৃত্তি ও বিভিন্ন সরকারি সেবা অনলাইনে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জনগণকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সরকারি দপ্তরে ই-ফাইল ব্যবস্থার সম্প্রসারণ এবং ই-গভর্নেন্স প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষা ক্ষেত্রে ডিজিটাল বিপ্লব

বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় তথ্যপ্রযুক্তির ব্যবহার একটি বড় পরিবর্তন এনেছে। কম্পিউটার, ইন্টারনেট, মাল্টিমিডিয়া ক্লাসরুম, অনলাইন শিক্ষা ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে প্রচলিত শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে আধুনিক  ও প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। সরকারি বিভিন্ন প্রকল্পেও মাল্টিমিডিয়া ক্লাসরুম ও আইসিটি প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে উন্নীত করেছে। মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বসেরা শিক্ষদের লেকচার শোনার সুযোগ পাচ্ছে। করোনাকালে অনলাইন ক্লাস শিক্ষার নিরবচ্ছিন্ন  ধারা বজায় রাখতে সাহায্য করেছে। মুক্তপাঠ বা শিক্ষক বাতায়ন এর মতো উদ্যোগগুলো শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। তথ্যপ্রযুক্তি ব্যবহারের ফলে শিক্ষার গুণগত মান বেড়েছে এবং ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে জটিল বিষয়গুলো শিক্ষার্থীদের কাছে সহজবোধ হয়ে উঠেছে। ডিজিটাল বিপ্লবের প্রধান প্রভাবগুলো হলো- ছবি, ভিডিও, অ্যানিমেশন ও অডিও ব্যবহার করে পাঠদান করায়  কঠিন বিষয় সহজে বোঝানো সম্ভব হচ্ছে। বিভিন্ন শ্রেণির পাঠ্যবিষয়ের ডিজিটাল ও ই-লার্নিং কনটেন্ট তৈরি ও ব্যবহারের সুযোগ বাড়ছে। শিক্ষার্থীরা ঘরে বসে ভিডিও ক্লাস, ই-বুক ও বিভিন্ন ডিজিটাল শিক্ষাসামগ্রী ব্যবহার করতে পারছে। ইন্টারনেটের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও বিভিন্ন মানসম্মত শিক্ষাসামগ্রী ব্যবহারের সুযোগ পাচ্ছে। প্রযুক্তির মাধ্যমে পাঠদান শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণ বাড়াতে সহায়তা করে। শিক্ষকদের আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে প্রযুক্তি নির্ভর পাঠদানে দক্ষ করে তোলা হচ্ছে। শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি অনলাইনে তথ্য যাচাই ও নিরাপদভাবে প্রযুক্তি ব্যবহারের দক্ষতাও গড়ে উঠছে। ইন্টারনেটের সীমিত AOCTYN, ডিভাইসের অভাব এবং শহর গ্রামের ডিজিটাল বৈষম্য এখনো বড় চ্যালেঞ্জ। তাই সবার জন্য সমান প্রযুক্তিসুবিধা নিশ্চিত করা জরুরি।

সাইবার নিরাপত্তা ও সচেতনতা

বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেট, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন ব্যাংকিং ও বিভিন্ন ডিজিটাল সেবার ব্যবহার বাড়ার সাথে সাথে সাইবার নিরাপত্তার গুরুত্বও বেড়েছে। সাইবার নিরাপত্তা হলো ব্যক্তিগত তথ্য, অর্থ, ডিভাইস ও অনলাইন অ্যাকাউন্টকে হ্যাকিং, তথ্যচুরি, প্রতারণা ও অন্যান্য সাইবার অপরাধ থেকে সুরক্ষিত রাখার ব্যবস্থা। তথ্যপ্রযুক্তির প্রসারের সাথে সাথে সাইবার আক্রমণের ঝুকিও বেড়েছে। হ্যাকিং, ডিজিটাল জালিয়াতি এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করা এখন বড় চ্য্যালেঞ্জ। নাগরিকদের পাসওয়ার্ড সুরক্ষা ও ফিশিং সাইট সম্পর্কে সচেতন হতে হবে। জাতীয় নিরাপত্তার স্বার্থে সাইবার ডিফিন্স সিস্টেমকে আরও শক্তিশালী করা প্রয়োজন। প্রযুক্তির অপব্যবহার রোধে কঠোর আইনের প্রয়োগ এবং একই সাথে নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে, যাতে প্রযুক্তি মানুষের ক্ষতির কারণ না হয়ে বরং কল্যাণের হাতিয়ার হয়। বাংলাদেশের জাতীয় সাইবার  সুরক্ষা এজেন্সি সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক সভা, সেমিনার ও কর্মশালা আয়োজন করে এবং সাইবার নিরাপত্তা সংক্রান্ত সহায়তা প্রদান করে।

সাইবার সচেতনতার প্রয়োজনীয়তাগুলো হলোঃ 

  • শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা।
  • সম্ভব হলে দুই স্তরের নিরাপত্তা  (2FA) চালু রাখুন।
  • OTP, PIN  ও পাসওয়ার্ড কারো সঙ্গে শেয়ার না করা।
  • অপরিচিত লিংক, ফাইল বা ই-মেইলে ক্লিক না করা।
  • সন্দেহজনক ওয়েবসাইট ও অ্যাপ থেকে দূরে থাকা।
  • অনলাইনে কোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা।
  • সাইবার হয়রানি বা প্রতারণার শিকার হলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো।

প্রযুক্তির উন্নয়নে করণীয়

বাংলাদেশকে আরও আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে তথ্যপ্রযুক্তির উন্নয়নে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সরকারের বর্তমান কর্মসূচিগুলোতেও নিরাপত্তা ডিজিটাল সংযোগ, দক্ষ মানবসম্পদ, গবেষণা উদ্ভাবন এবং আইটি শিল্পের বিকাশকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তথ্যপ্রযুক্তির সুফল ঘরে ঘরে পৌছে দিতে হলে ইন্টারনেটের দাম আরও কমাতে হবে এবং গতি বাড়াতে হবে।  শিক্ষা কারিকুলামে কোডিং এবং প্রোগ্রামিংকে  গুরুত্ব দিতে হবে যাতে ভবিষ্যতে দক্ষ জনবল তৈরি হয়। সাইবার নিরাপত্তা নিশ্চিতে কঠোর নজরদারি  ও জনগনের সচেতনতা প্রয়োজন। এছাড়া হার্ডওয়্যার শিল্পে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য দেশি উৎপাদনকারীদের বিশেষ সুবিধা দেওয় উচিত। প্রযুক্তির সুষম বন্টন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। প্রযুক্তি উন্নয়নে করণীয়গুলো হলো- দ্রুত গতির ইন্টারনেট ও নির্ভরযোগ্য নেটওয়ার্ক সারা দেশে, বিশেষ করে গ্রামাঞ্চলে ছড়িয়ে দিতে হবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ব্যবহারিক আইসিটি শিক্ষাবাড়াতে এবং শিক্ষার্থীদের প্রোগ্রামিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তায় দক্ষ করে তুলতে হবে। নতুন প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণার জন্য সরকারি-বেসরকারি অনুদান ও গবেষণার সুযোগ বাড়াতে হবে। আইসিটি ইনোভেশন  ফান্ডের মতো উদ্যোগ এ ক্ষেত্রে সহায়ক হতে পারে। নতুন প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানকে অর্থায়ন,প্রশিক্ষণ, পরামর্শ ও বাজারসুবিধা দিতে হবে। তরুণদের ফ্রিল্যান্সিং, সফটওয়্যার উন্নয়ন, ডেটা বিজ্ঞান ও অন্যান্য আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণ দিতে হবে। বর্তমানে আইটি দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পও চলমান রয়েছে। ব্যক্তিগত তথ্য, সরকারি তথ্যভান্ডার ও ডিজিটাল সেবা সুরক্ষিত রাখতে আধুনিক সাইবার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রযুক্তি প্রশিক্ষণ ও ডিজিটাল সেবার সুযোগ বাড়াতে হবে, যাতে প্রযুক্তিগত উন্নয়ন শুধু শহরকেন্দ্রিক না থাকে। বিদেশি প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে দেশিয় সফটওয়্যার, হার্ডওয়্যার ও প্রযুক্তিপণ্য উৎপাদনে গুরুত্ব দিতে হবে। 

তথ্যপ্রযুক্তির ক্রমবিকাশে পৃথিবীর প্রভূত উন্নতি সাধিত হয়েছে। সাইবার মাল্টিমিডিয়া কনটেন্ট এবং নতুন মোবাইল অ্যাপলিকেশনের হাত ধরে অনলাইন আজ বিশ্বের অবিচ্ছেদ্য একটি শক্তিশালী গণমাধ্যম। আগামীতে এটি হবে অপরিহার্য। বিশ্বের অধিকাংশ কাজেই  মোবাইলের মাধ্যমে সহজে পৌছে যাবে ইন্টারনেটের সুফল। ব্যবসায়, বিপণন, ভার্চুয়াল যোগাযোগে এ তিন পথেই এখন তথ্যপ্রযুক্তির প্রধান প্রযুক্তি ইন্টারনেটের দখলে। পরবর্তী সময়ে এই তথ্যপ্রযুক্তিই বিশ্বের পুরো কার্যক্রমকে নিয়ন্ত্রণ করবে। গবেষকরা জানিয়েছেন,তথ্যপ্রযুক্তির বৈপ্লবিক উন্নতির মাধ্যমে বিশ্বের অনুন্নত জাতিগোষ্ঠীর মানুষেরা আত্মনির্ভরশীল হয়ে উঠবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি <আধুনিক জীবনের একটি অপরিহার্য অংশ। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ,কৃষি ও প্রশাসনসহ প্রায় সব ক্ষেত্রেই তথ্য প্রযুক্তির ব্যবহার মানুষের জীবনকে সহজ ও উন্নত করেছে। এর সঠিক ও নিরাপদ ব্যবহার দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রযুক্তির সুবিধার গ্রহণের পাশাপাশি এর অপব্যবহার ও ঝুকি সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। দক্ষতা অর্জন করে তথ্য প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে ব্যক্তি, সমাজ ও দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

Next Post
No Comment
Add Comment
comment url